টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের মজুরি ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা কারখানাটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এতে ছয়জন শ্রমিক আহত হন। গতকাল মঙ্গলবার সকালে এরশাদনগর এলাকার এলিগেন্স ওরিয়েন্টাল লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে এসে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা কারখানার ভেতরে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের অর্ধশতাধিক শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এতে ছয়জন শ্রমিক আহত হন। পরে কর্তৃপক্ষ কারখানাটি ওই দিনের জন্য ছুটি ঘোষণা করে। আহত শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইসমাইল হোসেন বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।