টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার পাঁচ শ্রমিককে মারধরের পর পুলিশে সোপর্দ করে কারখানা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অন্য শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।এ সময় শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে একজন উৎপাদন কর্মকর্তা ও ১০ জন শ্রমিক আহত হন। পরে আটক শ্রমিকদের মুক্তি দিয়ে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কারখানার কয়েকজন শ্রমিক জানান, দত্তপাড়ার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গতকাল বেলা দুইটার দিকে মজিবর নামের এক শ্রমিককে আটকে রাখে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কারখানার নিয়ম ভঙ্গ করে কাজের সময় মুঠোফোনে কথা বলেছিলেন। একইভাবে দুপুরে খাবারের বিরতির পর কাজে যোগ দিতে দেরি করায় পাঁচ শ্রমিককে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। এ সময় কারখানার উৎপাদন কর্মকর্তা মো. শাহিনের সঙ্গে ওই শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। এ সময় কারখানার আরও কয়েকজন কর্মকর্তা শাহিনের সঙ্গে যোগ দিয়ে শ্রমিকদের মারধর করেন। খবর পেয়ে টঙ্গী মডেল থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থালে যায়। কারখানা কর্তৃপক্ষ ওই পাঁচ শ্রমিককে পুলিশে সোপর্দ করে।এ খবর কারখানায় থাকা অন্য শ্রমিকদের কাছে পৌঁছালে তাঁরা রাস্তায় বের হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিক ও কারখানার কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উৎপাদন কর্মকর্তা শাহিন ও ১০ জন শ্রমিক আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, আটক শ্রমিকদের ছেড়ে দেওয়ার পর বেলা তিনটায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. শামিম আল ফরিদ শ্রমিকদের মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, শ্রমিকেরাই তাঁদের একজন কর্মকর্তাকে মারধর করেছেন।