টঙ্গীতে ফ্রেন্ডস মাল্টিপারপাসের গ্রাহকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ফ্রেন্ডস সিকিউরিটি ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় সমিতির গ্রাহকেরা টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাঁরা টঙ্গী মডেল থানার ফটকের বাইরে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঘেরাও কর হয়।
ভুক্তভোগী গ্রাহক মো. মমিনুর রহমান, কল্পনা, সুজন, আবদুল্লাহ, সুফিয়াসহ কয়েকজন গ্রাহক জানান, টঙ্গীর গাজীপুরা এলাকার সাতাইশ রোডে ফ্রেন্ডস সিকিউরিটি ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় সমিতি টঙ্গীর ১৫ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে।
ওই টাকা ফেরতের দাবিতে গ্রাহক মো. মমিনুর রহমান ২১ ফেব্রুয়ারি টঙ্গী মডেল থানায় একটি মামলা করেন। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন সিদ্দিকী ও তাঁর ভাই চেয়ারম্যান মহিউদ্দিন সিদ্দিকী, হিসাবরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, পরিচালক জাকির হোসেন ও রাতুল হোসেন ওরফে কামাল। ৫ মার্চ রাতুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মমিনুরের মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী থানার এসআই জহুর আলী বলেন, রাতুলকে দ্বিতীয় দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।