টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস ধরে চেরাগআলী মার্কেট এলাকার জাওয়াদ গার্মেন্টস কর্তৃপক্ষ বেতন-ভাতা পরিশোধ করছে না। গতকাল বেতনের জন্য শ্রমিকেরা চাপ দিলে মালিকপক্ষের লোকজন দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বেলা দেড়টার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন ও সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে চলে যাওয়ার অনুরোধ করলেও তাঁরা শুনেননি। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা চলে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিক বিক্ষোভের ব্যাপারে জাওয়াদ গার্মেন্টসের কোনো কর্মকর্তা ও মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।