টঙ্গীতে বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া ফকির মার্কেট এলাকার বন্ধ করে দেওয়া একটি কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কারখানা চালু ও চাকরি পুনর্বহাল এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।শ্রমিকেরা জানান, ব্লেসিং নিট ইন্ডাস্ট্রিজ লিমিডেট কর্তৃপক্ষ ১৩ জুলাই কোনো নোটিশ ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করে এবং কারখানাটি বন্ধ করে দেয়।শ্রমিকেরা বলেন, গতকাল সকালে কারখানাটির দুই শতাধিক শ্রমিক কারখানা চালু ও চাকরি পুনর্বহাল এবং বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগআলী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে শিল্পাঞ্চল পুলিশ তাঁদের থামিয়ে দেয়। পরে শ্রমিকেরা আবার কারখানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।২৫ জুলাইয়ের মধ্যে চাকরি পুনর্বহাল করে সব বকেয়া পরিশোধ না করলে ২৭ জুলাই আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। কারখানার আন্দোলন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউল কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ আহমেদ।ব্লেসিং নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) জাকির হোসেন বলেন, ‘২৫ তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।’এ ব্যাপারে বক্তব্য জানতে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তা মো. মুনিবর রহমান বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।