টঙ্গীতে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, বিক্ষোভে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বাসের চাপায় আসমা আক্তার (২০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা ওই বাসটিতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলেও জানা গেছে।গতকাল সোমবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় টেক্সজোন নিটওয়্যার লিমিটেড কারখানার সুইং অপারেটর আসমা আক্তার কাজে যাচ্ছিলেন। এমন সময় বিসিক এলাকার উইন্ডি গ্রুপের ইউনিয়ন স্পোর্টস ওয়্যার লিমিটেড কারখানার কর্মী বহনকারী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে আসমা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক বাবুল মিয়া বাসটি রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আসমাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসমার মৃত্যু হয়।এই খবর কারখানায় পৌঁছালে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে গাজীপুর শিল্প পুলিশ ও টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।টেক্সজোন নিটওয়্যার লিমিটেড কারখানার টেকনিক্যাল ম্যানেজার এম এ আল রাজি জানান, শ্রমিকেরা ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি আদায় করে দেওয়ার আশ্বাস দিয়েছে।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আসমার দুলাভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে বাসের চালক বাবুলকে আসামি করে একটি মামলা করেছেন।গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ওই ঘটনার পর টেক্সজোন কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।আসমা আক্তার নরসিংদীর রায়পুরা থানার মির্জারচর এলাকার সাহেদ মিয়ার মেয়ে।