টঙ্গীতে বাসচাপায় শ্রমিক নিহত ভাঙচুর অবরোধ অগ্নিসংযোগ
টঙ্গীতে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শতাধিক গাড়ি ভাঙচুর ও একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেন। নিহত পোশাকশ্রমিকের নাম ফরিদা আক্তার (২৬)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, গতকাল সোমবার রাত আটটার দিকে টঙ্গী বাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত এবা ফ্যাশন লিমিটেডে ছুটি শেষে এর শ্রমিকেরা কারখানার সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কালীগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি বাস পোশাকশ্রমিক ফরিদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা নির্বিচারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। শ্রমিকেরা এ সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত সোয়া আটটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। রাত সোয়া নয়টায় পুলিশ লাঠিচার্জের প্রস্তুতি নিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর যানবাহন চলাচল শুরু হলেও রাত ১১টায় এই সংবাদ লেখার সময় যানজট অব্যাহত ছিল।নিহত শ্রমিক ফরিদা আক্তার এবা গার্মেন্টসের সুয়িং অপারেটর। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি গ্রামের ফজলু মিয়ার মেয়ে বলে জানা গেছে।শ্রমিকেরা জানান, টঙ্গী বাজার উড়ালসেতুটির অর্ধেক অংশই হকারদের দখলে চলে যাওয়ায় তাঁরা সেতু দিয়ে সহজে যাতায়াত করতে পারেন না। গার্মেন্টস ছুটির পর উড়ালসেতুর বাকি অর্ধেক অংশ দিয়ে ভিড় ঠেলে বহু কষ্টে তাঁদের পারাপার হতে হয়। এতে তাঁদের যথেষ্ট সময় নষ্ট হয়। এ কারণে তাঁরা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি রোড ডিভাইডার অতিক্রম করে রাস্তা পারাপার হন।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।