টঙ্গীতে বাসে ও নারায়ণগঞ্জে ওয়ার্কশপে আগুন
টঙ্গীতে গতকাল শনিবার যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন ধরে গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে একটি ওয়ার্কশপে গত শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস টঙ্গী কলেজ গেট এলাকায় পৌঁছালে বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়া দেখে চালক বাসটি থামিয়ে দেন। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম বলেন, ওয়্যারিং ত্রুটি থেকে এ আগুন লাগতে পারে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লাগে। এটা নাশকতার কোনো ঘটনা নয়।
অন্যদিকে শুক্রবার রাত দুইটায় নারায়ণগঞ্জের বন্দর থানার জাঙ্গাল এলাকায় মজিদ মিয়ার ওয়ার্কশপে আগুন লেগে যায়। আগুন লাগার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওয়ার্কশপ ও মেশিনের দোকানসহ দুটি ট্রাক পুড়ে যায়। মালিকপক্ষ বলছে, এ আগুনে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে। এতে হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।