টঙ্গীতে বাড়ি দখল করতে হামলা ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে জায়গা দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন মো. ইমাম হোসেন, আনোয়ারা বেগম, মো. নাঈম, হুমায়ুন কবির, সুফিয়া মোড়ল ও মনির হোসেন। তাঁদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে আউচপাড়ার মোল্লাবাড়ি এলাকায় মো. সফিক মোড়লের জায়গায় ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করে দখল করেন প্রতিবেশী সাহাবুদ্দিন। এ ঘটনায় সফিক গাজীপুরের আদালতে মামলা করলে ওই জমির ওপর স্থিতাবস্থা আরোপ করেন আদালত। কিন্তু সাহাবুদ্দিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোতলা পর্যন্ত বাড়ি নির্মাণ করেন। সম্প্রতি আদালত ওই জমির মালিক হিসেবে সফিকের পক্ষে রায় দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সফিক বৃহস্পতিবার সকালে পুলিশ নিয়ে ওই জমিতে একটি সাইনবোর্ড স্থাপন করেন। সাহাবুদ্দিন তাঁর লোকজন নিয়ে রাত ১০টার দিকে সফিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান এবং সফিকের লোকজনকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সাহাবুদ্দিন বলেন, ওয়ারিশসূত্রে ওই জমির মালিক হিসেবে তিনি দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। সফিক তাঁর বাড়ি দখল করতে এলে তিনি লোকজন নিয়ে বাধা দেন।