টঙ্গীতে বিএনপির মিছিলে বাধা এসআই লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের দাবিতে গতকাল বৃহস্পতিবার মিছিল করেন গাজীপুরের টঙ্গী থানা বিএনপির নেতা-কর্মীরা। এতে বাধা দিলে তাঁরা পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) লাঞ্ছিত করেন। দলীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে তাঁদের মুক্তিদান এবং নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহাল করার দাবিতে টঙ্গী থানা বিএনপি গতকাল বিকেল চারটার মিছিল বের করে। চেরাগ আলী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া এই মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি পৌরসভার ফটকের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির কর্মীরা টঙ্গী মডেল থানার এসআই মো. খাইরুল বাশারকে লাঞ্ছিত করেন। পরে বিএনপির নেতারা উত্তেজিত কর্মীদের থামিয়ে তড়িঘড়ি করে মিছিল শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এসআই খাইরুল বাশার বলেন, কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী হামলার চেষ্টা করেন।