টঙ্গীতে বিপণিবিতানে হামলা, লুটপাট
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার ঈদগাহ মার্কেটে গত মঙ্গলবার রাতে ১৩টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে ২০ জন ব্যবসায়ী ও কর্মচারীকে মারধর করে। এরপর তারা গুলি ও ককটেল ছুড়ে পালিয়ে যায়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুরুন্নবী, রহিম চিশতি, সাগর, বাবু, হেলাল, সম্রাট, ছাত্তার, আকবর আলী, করিম মিয়া, আলী আকরাম হোসেন, হোসেন মিয়া, সুজন, হুমায়ুন কবির, ইমাম হোসেন প্রমুখ। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এসে মার্কেটের সম্রাট টেলিকম, মায়ের দোয়া হোটেল, ফাস্ট ইস্ট ফার্মেসি, নাদির স্টোর, ঝুমুর স্টোর, সিমু স্টোর, কণিকা লাইব্রেরি, এস এম হোটেল, তিনটি ফার্নিচারের দোকান, আল-বারাকা জুয়েলার্স ও বর্ণি জুয়েলার্সে ব্যাপক লুটপাট চালায়। বাধা দিলে ব্যবসায়ী ও কর্মচারীদের মারধর করা হয়। সন্ত্রাসীরা স্বর্ণালংকার ও প্রায় চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীরা ধাওয়া দিলে সন্ত্রাসীরা ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মার্কেট এলাকা। আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও পথচারীরা দিগিবদিক ছোটাছুটি করেন। এ ঘটনার পর ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ব্যবসায়ীদের লিখিত অভিযোগ দিতে বলেছি।’