বিএনপির রোডমার্চ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থাপন করা গাজীপুরের টঙ্গী এলাকার বেশকিছু তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন, এগুলো ভাঙার পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মদদ রয়েছে।হাসান উদ্দিন সরকার জানান, গত সোমবার রাত দুইটার দিকে কতিপয় দুর্বৃত্ত দুটি মাইক্রোবাস ও একটি পিকআপযোগে এসে টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গী থানা বিএনপি কার্যালয় পর্যন্ত মহাসড়কের পাশে স্থাপন করা বিভিন্ন তোরণ, বিলবোর্ড, ফেস্টুন ছিঁড়ে ও ভেঙে ফেলে। তিনি আরও অভিযোগ করেন, এ সময় পুলিশ প্রহরায় তারা ভাঙচুর চালায়। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শহিন খান বলেন, তাঁর সামনে এ রকম ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। তবে ভোরে তিনি বিভিন্ন জনের কাছ থেকে আসা ফোনে ভাঙচুরের ঘটনার খবর শুনেছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল আলম জানান, গাজীপুরে বিএনপির রোডমার্চ সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নেতা-কর্মীরা গত সোমবার রাতে বিভিন্ন এলাকার তোরণ, ব্যানার ছিঁড়ে পথসভা বানচাল করার চেষ্টা করেছেন।এদিকে গতকাল সকালে ওই ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন টঙ্গী এলাকায় সংবাদ সম্মেলন করেন।