টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে তুরাগ নদের তীর ঘেঁষে ২২ জানুয়ারি শুরু হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মিলন বিশ্ব ইজতেমা। লাখ লাখ মুসল্লির ইবাদত-বন্দেগির জন্য প্রস্তুত হচ্ছে দেড় শতাধিক একরের ইজতেমা ময়দান। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানজুড়ে নির্মিত হয়েছে বাঁশের খুঁটি ও চটের শামিয়ানার বিশাল প্যান্ডেল।তাবলিগ জামাতের একাধিক আয়োজকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শতাব্দীর ষাটের দশক থেকে দু-একটি ব্যতিক্রম ছাড়া তাবলিগ জামাত প্রতিবছর তুরাগের তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। মূলত ইজতেমায় তাবলিগের বিগত বছরের দাওয়াতি কার্যক্রমের মূল্যায়ন এবং পরের বছরের কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়। ইজতেমা শেষে পুনরায় ছোট-বড় দলে বিভক্ত হয়ে মুসল্লিরা ছোটেন দীনের দাওয়াতে। এ ছাড়া তাবলিগের অন্যতম আকর্ষণ হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত আলেমদের বয়ান ও আখেরি মোনাজাত।গত বৃহস্পতিবার বিকেলে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, বয়ানের (বক্তৃতা) জন্য একাধিক মঞ্চ নির্মাণের কাজ চলছে। প্যান্ডেলে বিদ্যুত্ সরবরাহের জন্য তার টানা হচ্ছে। ময়দানের উত্তর-পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের নির্দিষ্ট তাঁবুতে পানি সরবরাহের লাইন স্থাপনে ব্যস্ত ১০-১২ জন মুসল্লি। তাঁদের একজন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার কলেজছাত্র মোহাম্মদ আকমল হোসেন (২২)। তিনি প্রথম আলোকে জানান, দুই দিন আগে তিন বন্ধুর সঙ্গে তিনি ইজতেমা মাঠে আসেন। রান্না করে খাওয়া আর রাতে ঘুমানো ছাড়া বাকি সময় ইজতেমার প্রস্তুতির কাজে ব্যয় করছেন।অন্যান্য বছরের মতো টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান ইজতেমার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখছেন। তিনি বলেন, ইজতেমায় আসা ২০ লাখের বেশি মুসল্লির খাওয়া, গোসল ও অজুর পানি সরবরাহ এবং তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা একটা কঠিন চ্যালেঞ্জ। আল্লাহর রহমত আছে বলেই এই ব্যবস্থা করা সম্ভব হচ্ছে।গাজীপুর জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন জানান, মুসল্লিদের সর্বোচ্চ চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন ৬০ লাখ গ্যালন পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর জন্য এ বছর নতুন করে দুটি পানির পাম্প বসানো হয়েছে। এ নিয়ে এবার মোট ১২টি পাম্পের মাধ্যমে ইজতেমাস্থলে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা হবে। ফরহাদ হোসেন আরও জানান, ইজতেমা মাঠের চারদিকে আনুপাতিক হারে এক হাজার ৭৬৮টি পাকা, দুই হাজার ৫০০টি আধা পাকা ও তিন হাজার অস্থায়ী পায়খানার ব্যবস্থা করা হচ্ছে। ইজতেমার আয়োজকদের একজন মাওলানা আবদুল কুদ্দুস বলেন, ‘সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রস্তুতির কাজ চলছে। আশা করি, নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হবে। গতবার ইজতেমা মাঠে খেত্তা (জেলাওয়ারি অবস্থান) ছিল ৩২টি। এ বছর ৩৩টিতে উন্নীত করা হয়েছে।’ এবার ইজতেমায় আনুমানিক ৪০ লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।ইজতেমার প্রস্তুতির ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে ৫০টি চিকিত্সা দল কাজ করবে। টঙ্গী সরকারি হাসপাতালের শয্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ইজতেমাস্থল থেকে শাটল বাসসেবা চালু করবে। সব আন্তনগর ট্রেন ইজতেমার সময় টঙ্গী জংশনে থামবে। নিয়মিত ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য সেনাসদস্যরা তুরাগ নদীতে ভাসমান পন্টুন তৈরি করছেন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ১০ হাজার সদস্য মাঠের ভেতরে ও বাইরে নিয়োজিত থাকবেন।