টঙ্গীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টিতেই গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার কলেজ রোডে পানি জমে যায়। রাস্তা প্লাবিত হয়ে টঙ্গী সরকারি কলেজের মাঠ ও পাশের দোকানগুলোতে ঢোকে পানি। নিষ্কাশনব্যবস্থার উন্নয়নের দাবিতে ছাত্রছাত্রী, শিক্ষক, দোকানমালিক ও এলাকাবাসী গতকাল বুধবার বেলা ১১টায় কলেজ রোডে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা জানান, মঙ্গলবার ভোরের বৃষ্টির পানি কলেজের মাঠ, টঙ্গী পাইলট স্কুলের মাঠ ও সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে জমে আছে। বছরের পর বছর বর্ষা মৌসুমে ওই সব স্থানে পানি জমে থাকে। গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা এই এলাকার পানিনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, বিগত বছরগুলোতে সাবেক টঙ্গী পৌরসভা কর্তৃপক্ষ পানিনিষ্কাশনের জন্য নালার সংস্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। কলেজ রোডের চা বিক্রেতা আবদুস সালাম জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে। টঙ্গী সরকারি কলেজের সামনে থেকে হাউস বিল্ডিং মোড় পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা পানিতে ডুবে যায়।

আউচপাড়ার কলেজ রোডের বাসিন্দা মো. আরিফ উল্লাহ বলেন, বিগত বছরগুলোতে নালা সংস্কারের নামে সাবেক পৌরসভা কর্তৃপক্ষ অর্থ লোপাট করেছে। ১০ বছর ধরে নিষ্কাশনব্যবস্থার কোনো উন্নয়ন করা হয়নি। এ কারণে সামান্য বৃষ্টিতেই পানি রাস্তা ছাপিয়ে ঘরে ঢুকে পড়ে। টঙ্গী পাইলট স্কুলের শিক্ষক মো. শাহ আলম ও মো. মাসুম জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সবাইকে পানি ভেঙে আসতে হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মুন্সি সাহাবুদ্দিন আহাম্মেদ বলেন, তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করবেন।