টঙ্গীতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার কোলোসাস অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার সকালে বিক্ষোভ করেন। এ কারণে কারখানা দুদিন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিটি সোয়েটার তৈরির জন্য তাঁদের ৮০ থেকে ৯০ টাকা করে দেওয়ার কথা। কিন্তু বর্তমানে মাত্র ৭৩ টাকা করে দেওয়া হয়। একইভাবে অন্যান্য পোশাকের মজুরিও কম দেওয়া হয়। কারখানার কয়েকজন কর্মকর্তা তাঁদের মজুরির অংশবিশেষ আত্মসাৎ করেন। বিষয়টি কারখানার মালিককে জানালেও সমাধান হয়নি।তাঁরা অভিযোগ করেন, বেতন-ভাতা ৩০ শতাংশ বৃদ্ধি ও পূর্ণ মজুরি প্রদানের দাবিতে কোলোসাসের এক হাজার শ্রমিক গতকাল সকাল আটটায় কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের বাইরে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কর্মকর্তারা স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের এনে শ্রমিকদের ভয়ভীতি দেখান। কয়েকজন শ্রমিককে লাঞ্ছিতও করে সন্ত্রাসীরা। এর পরও তাঁরা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন।কারখানার ব্যবস্থাপনা পরিচালক উইলসন ইয়ং প্রথম আলোকে বলেন, মজুরি থেকে টাকা কেটে রাখার অভিযোগে জানুয়ারি মাসে একজন উৎপাদন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। শ্রমিকেরা ৩০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানালে ২০ শতাংশ বৃদ্ধির ব্যাপারে রাজি হয়েছি। বুধবার আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে।