টঙ্গীতে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের দুই কর্মী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া আশরাফ আলী রোডের একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তাঁদের হেফাজত থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, গানপাউডার, জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টঙ্গীর আউচপাড়ার মো. আবদুল্লাহ (২৫) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র মো. হাসানুজ্জামান (২৩)।
পুলিশ জানায়, টঙ্গীর আউচপাড়া আশরাফ আলী রোড এলাকার সামছুল ইসলামের ‘বায়তুল হামিদুল্লাহ’ নামে একটি আটতলা বাড়ি রয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে গতকাল রাত আটটার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, গানপাউডার, জিহাদি বই ও সিডিসহ ছাত্রশিবিরের কর্মী হাসানুজ্জামান ও বাসার মালিকের ছেলে আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, শিবিরের কর্মীরা দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে ঢাকা উত্তর, দক্ষিণ ও পশ্চিমের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিলেন।