টঙ্গীতে ব্যবসায়ী ও সাভারে অটোরিকশা চালক খুন
গাজীপুরের টঙ্গীতে গত বুধবার রাতে গলা কেটে এক ঝুট ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। একই রাতে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এদিকে সাভারের বিরুলিয়া এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার নয়ন (২০) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টঙ্গী (গাজীপুর): টঙ্গীর বড় দেওড়া এলাকায় নিহত ব্যবসায়ীর নাম আবদুল ওহাব বাবু ওরফে লিটন মণ্ডল (৪২)। তিনি নওগাঁর সাপাহার থানার নুরপুর গ্রামের ছৈমুদ্দিনের ছেলে। লিটন টঙ্গীর বড় দেওড়ার শাহাজালাল রোডের মোহসীন খানের চারতলা বাড়ির নিচতলার পূর্ব দিকের ফ্ল্যাটে চার বছর ধরে ভাড়া থাকতেন। তিনি টঙ্গীর পরান মণ্ডলের টেক এলাকার মো. মামুনের সঙ্গে অংশীদার হিসাবে দীর্ঘদিন যাবৎ ড্রামের ব্যবসা করছিলেন।
লিটনের মেয়ে ইয়াছমিনের ভাষ্যমতে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মা রাশিদা বেগমের চিৎকারে তিনি জেগে উঠেন। এ সময় এক ব্যক্তি বারান্দার পকেট গেট দিয়ে পালিয়ে যায়। তাঁর মা ও বাবা এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি তাঁর বাবাকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর বাবা মারা যান। চাপাতির কোপে তাঁর মায়ের মাথাও জখম হয়। তাঁকে রাতেই প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
টঙ্গী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ও ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি বলেন, লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকায় গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর নাম কালু মিয়া (২৮)। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায়।
বুধবার রাত ১২টার দিকে কালুসহ তিন-চারজন যুবক ঝাউবাড়ি এলাকার রাস্তার পাশে এক পথচারীকে রোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থেকে টাকাপয়সাসহ মুঠোফোনের সেট ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার দেন। আশপাশের লোকজন ধাওয়া দিয়ে কালু মিয়াকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ছিনতাকারীকে গণপিটুনি দেন। ঘটনাস্থলেই কালু মিয়া প্রাণ হারান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কালু পেশাদার একজন ছিনতাইকারী ছিল।
সাভার: বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় বিরুলিয়া-রুস্তমপুর সড়কের পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় নয়নের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গতকাল দুপুরে সাভার মডেল থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নয়ন নেত্রকোনা সদর উপজেলার মেদিনীগঞ্জ গ্রামের আবু চানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। মা-বাবার সঙ্গে আশুলিয়ার কুমকুমারী এলাকায় ইমান মৃধার বাসায় ভাড়া থাকতেন।
আবু চান জানান, সোমবার বিকেলে তাঁর ছেলে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অটোরিকশার জন্যই দুর্বৃত্তরা নয়নকে হত্যার পর লাশ দত্তপাড়া এলাকায় ফেলে রেখে যায়। এ ব্যাপারে আবু চান বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন।