টঙ্গীতে ব্যবসায়ীকে হত্যা দুর্ঘটনায় কনস্টেবল নিহত
গাজীপুরের টঙ্গীতে রেললাইনে ফেলে আবুল হাসান ওরফে দুদু মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে টঙ্গীর বনমালার রেলগেট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হাবিবুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও পরিবার জানায়, গাজীপুর সদর উপজেলার শিমুলতলী এলাকার পাইকারি চাল ব্যবসায়ী আবুল হাসান গত বুধবার সকালে বাসা থেকে কাজে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। গতকাল সকাল ১০টায় টঙ্গীর বনমালা এলাকার রেললাইনের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। আশপাশের এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে আবুল হাসানের স্ত্রী ও পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন।
পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা বা ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আবুল হাসানকে দুর্বৃত্তরা হাত-পা বেঁধে রেললাইনে ফেলে রাখে। পরে চলন্ত ট্রেনের চাকায় তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়।
রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে একটি পিকআপ ভ্যান মদনপুর এলাকায় কনস্টেবল হাবিবকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে হাবিবের লাশ বরিশালের বানারীপাড়া উপজেলায় গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘটনার পরপরই পিকআপ জব্দ করে চালক বাবুল ও সহকারী সুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কালিয়াকৈর থেকে কেপি পরিবহনের একটি বাস গাজীপুরে যাচ্ছিল। বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের এএসআই হারুন-অর-রশিদ বলেন, দুর্ঘটনার পরপর দুই বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। দুটি বাস জব্দ করা হয়েছে।