টঙ্গীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আহত ৩
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় গত মঙ্গলবার মধ্যরাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে। এ ছাড়া ডাকাতদের বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে তিনজন আহত হয়েছে।পুলিশ ও ডাকাতকবলিত পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী আবদুল জলিল মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁর বাসার কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢোকে। ঘটনা টের পেয়ে আবদুল জলিল জেগে উঠলে ডাকাতেরা অস্ত্রের মুখে জলিলসহ তাঁর বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা ঘরের আলমারি, সুকেস ও ওয়্যারড্রব ভেঙে ৭০ ভরি স্বর্ণালংকার, চার লাখ ৭০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতেরা চাপাতি দিয়ে গৃহকর্তা আবদুল জলিল মিয়া, তাঁর স্ত্রী পারভীন আক্তার ও ছেলে পাপ্পুকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পাঁচ-ছয়টি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।