টঙ্গীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সেবা শুশ্রূষা নামের ওই বেসরকারি হাসপাতালে ভাঙচুর করা হয়। গত মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন চিকিৎসক শাহিন রেজা (২৬) ও হাসপাতালের ওয়ার্ডবয় তরিকুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা আবুল কাসেম মাতবরের (৭০) শ্বাসকষ্ট শুরু হয়। স্বজনেরা তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু স্বজনেরা রোগীর অবস্থা খারাপ দেখে টঙ্গীর সেবা শুশ্রূষা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসক শাহিন রেজা রোগীকে স্যালাইন ছাড়াও একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পর কাসেম মারা যান।
এ ঘটনায় তাঁর স্বজনেরা দাবি করেন, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে কাসেমের মৃত্যু হয়েছে। পরে তাঁরা হাসপাতাল ভাঙচুর করেন। খবর পেয়ে টঙ্গী থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতেই এ ব্যাপারে কাসেমের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। রাতেই ওই চিকিৎসক শাহিন রেজা ও হাসপাতালের ওয়ার্ডবয় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত দেবনাথ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।