টঙ্গীতে মহাসড়ক অবরোধ গাড়ি ভাঙচুর, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উড়ালসড়ক নির্মাণের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সফিউদ্দিন সরকার একাডেিম অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকার সফিউদ্দিন সরকার একাডেিম অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টার দিকে উড়ালসড়ক নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে। এতে পরিবহনশ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে কলেজের শিক্ষকদের বিরুদ্ধে স্লোগান ও শিক্ষার্থীদের ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের সঙ্গে বাগ্িবতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের এক কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, বহিরাগত কারও ইঙ্গিতে শিক্ষার্থীরা ক্লাস বাদ দিয়ে মহাসড়কে যানবাহন ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিদ্যালয়টি কয়েক দিনের ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
টঙ্গীর কলেজ গেট এলাকায় ১০ জুন পিকআপের ধাক্কায় সফিউদ্দিন সরকার একাডেমির দুজন ছাত্রী গুরুতর আহত হয়। এ সময় তাদের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।