টঙ্গীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর আউচপাড়ার সুরতরঙ্গ সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন ব্যবসায়ী মো. জয়নাল আবেদিন, তাঁর স্ত্রী হাসিনা বেগম ও ছেলে মেহেদী হাসান। মেহেদী প্রথম আলো বন্ধুসভার নবগঠিত টঙ্গী থানা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গী আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত জয়নালের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত ১১টায় তিনি রেস্তোরাঁ বন্ধ করে বাসায় ফিরছিলেন। তাঁর পাশের বাড়ির ভাড়াটে আলম বাড়ির সামনে কয়েকজনের কাছে মাদক বিক্রি করছিল এবং সেখানেই মাদক সেবন করা হচ্ছিল। এসব দেখে তিনি মাদক বিক্রি ও সেবন করতে বারণ করেন। কিন্তু আলম, মাইনদ্দিনসহ ছয়জন মাদকসেবী লোহার পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর ছেলে ও স্ত্রী তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পাইপের আঘাতে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এগিয়ে এলে আলম ও আলমের লোকজন তাঁর (জয়নাল) কাছে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাঁদের হাসপাতালে নিয়ে যান।
আউচপাড়ার বাসিন্দা কলেজছাত্র মো. রিপন, মামুন, মাতেনসহ কয়েকজন জানান, তিন মাস ধরে সড়কের ৪৩/২ টিনের বাড়িতে আলম নামের এক ব্যক্তি ভাড়া থাকছে। সে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাদকসেবীরা আসা-যাওয়া করে। কয়েকজন ওই বাড়িতে বসেই নিয়মিত মাদক সেবন করে। তাঁরা বেশ কয়েকবার আলমকে মাদক বিক্রি করতে বারণ করলেও শোনেনি। বাড়ির মালিক অন্যত্র বাস করেন। তাঁরা বাড়ির মালিককে বিষয়টি জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
জয়নাল বলেন, দুর্বৃত্তরা মুঠোফোনের মাধ্যমে তাঁর ছেলের বড় ধরনের ক্ষতির হুমকি দিয়েছে। তিনি রাতেই আলম, মাইনদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, ‘আসামিদের ধরতে গভীর রাতে আউচপাড়ায় গিয়েছিলাম। কাউকে পাওয়া যায়নি।’