টঙ্গীতে মাদক ব্যবসা নিয়ে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার রাতে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ করে অন্তত ১৫-১৬টি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী জানান, সম্প্রতি টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশে আউটার সিগন্যালে একটি ট্রেন থেকে যুবলীগের টঙ্গী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রথম যুগ্ম সম্পাদক আল আমিনের ফেনসিডিলের চালান নামে। থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিনের লোকেরা এই চালানটি গায়েব করে দেয়। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় টঙ্গীর নোয়াগাঁও ব্যাংক কলোনি বস্তি এলাকায় দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। থেমে থেমে এ সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত আটজন আহত হন।স্থানীয় ব্যক্তিরা জানান, টঙ্গী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব ও পুলিশ নোয়াগাঁও এলাকার বাসা থেকে শফিকে গ্রেপ্তার করে। শফিকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াগাঁও এলাকার দুই শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে টঙ্গী থানায় গিয়ে হামলা চালানোর চেষ্টা করে। থানা গেটে বাধা পেয়ে তারা পার্শ্ববর্তী টঙ্গী-ঘোড়াশাল সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা থানা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।জানা গেছে, পুলিশ রাত ১১টার দিকে টঙ্গী জংশনে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন থেকে আল আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।টঙ্গী মডেল থানার সহকারী পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।