টঙ্গীতে মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে পাগাড় এলাকার একটি মেলায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করছিলেন। এ সময় এলাকার একদল যুবক এতে বাধা দেন। পরে ২০-২৫ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী স্থানীয় ওই যুবকদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় ১০ জন আহত হন।সন্ত্রাসীদের হামলায় আহত ব্যক্তিরা হলেন: সম্রাট (১৮), ফয়সাল (১৯), সবুজ (২০), শরিফ (১৮), সিবলু (২০), রোমান দেওয়ান (২১), হাফিজ (২৬) আলামিন (২৫)। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দুজনের নাম জানা যায়নি। এ ঘটনায় টঙ্গী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।