টঙ্গীতে মান্নানের সংবর্ধনায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নানের সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল রোববার বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে।
গাজীপুর সাংবাদিক পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১টায় টঙ্গীর বাটা গেট-সংলগ্ন মায়াবন কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টঙ্গী থানা বিএনপির সভাপতি এস এম শাহানশাহ আলমের সমর্থক নেতা-কর্মীরা আগামী জাতীয় নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের সমর্থকেরা অনুষ্ঠানে এ ধরনের স্লোগান দিতে বারণ করেন।
বেলা একটার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চলে যান। এর পরই শাহানশাহর চাচাতো ভাই যুবদলের কর্মী রেমন সরকার খালেদা জিয়ার ছবি-সংবলিত একটি বিলবোর্ড ভাঙচুর করেছেন বলে অভিযোগ এনে হাসান উদ্দিনের সমর্থক টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামানের নেত্বত্বে তাঁকে মারধর করা হয়। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। উভয় পক্ষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ হয়ে যায়। রেমনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।
রেমন সরকার প্রথম আলোকে বলেন, সআমি কারও বিলবোর্ড ভাঙচুর করিনি। একটি চক্র ঈর্ষান্বিত হয়ে হামলা চালিয়েছে।স
ছাত্রদলের নেতা আসাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে হাসান উদ্দিন বলেন, রেমন ও আসাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ হয়েছে। এটি দলীয় কোন্দল নয়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় রেমনের স্ত্রী ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
সভোটের অধিকার নিশ্চিত করতে আন্দোলনস: অনুষ্ঠানে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয় সরকারের ক্ষমতায় থেকে নির্বাচন করার খায়েশ জনগণ মেনে নেবে না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি ও ১৮-দলীয় জোট নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছে।
মেয়র মান্নান বলেন, সিটি করপোরেশনসহ যেকোনো স্থানীয় নির্বাচনে বিরোধী দল-সমর্থিত প্রার্থী জয়ী হলেই তা নিরপেক্ষ নির্বাচনের প্রমাণ বহন করে না।
সাংবাদিক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন হাসান উদ্দিন সরকার, শাহ আলম, টঙ্গী থানা বিএনপি সাধারণ সম্কাদক মাহবুবুল আলম প্রমুখ।