টঙ্গীতে ময়লা ফেলে পুকুর ভরাট করছেন কাউন্সিলর
গাজীপুরের টঙ্গীতে প্রায় ৯০ শতাংশ আয়তনের দেবোত্তর সম্পত্তির একটি পুকুরে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করছেন স্থানীয় কাউন্সিলর৷ অভিযোগ উঠেছে, পুকুরটি দখল করতে ওই কাউন্সিলর পরিবেশ আইন লঙ্ঘন করে এই কাজ করছেন৷ কৌশল হিসেবে কাউন্সিলর হিন্দু ধর্মাবলম্বীদের সেখানে মন্দির নির্মাণ ও মুসলমানদের কবরস্থান তৈরি করার কথা বলছেন৷
সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম শেখ মো. আলেক৷ তিনি প্রথম আলোকে বলেন, এলাকায় আবর্জনা ফেলার কোনো জায়গা নেই৷ তাই যেখানেই পরিত্যক্ত জায়গা পাওয়া যাচ্ছে, সেখানেই আবর্জনা ফেলা হচ্ছে৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর আবাসিক এলাকা হিসেবে পরিচিত উত্তর আউচপাড়া৷ ওই এলাকায় আল হেরা জামে মসজিদের পশ্চিম পাশে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত প্রায় ৯০ শতাংশ আয়তনের প্রাচীন পুকুরটিতে হিন্দুরা পূজার সময় মূর্তি বিসর্জন দেন৷ অন্য সময় শ্মশান হিসেবে ব্যবহার করেন৷ শেখ মো. আলেকের নির্দেশে ১৫ দিন ধরে আশপাশের এলাকার সব আবর্জনা পুকুরে ফেলা হচ্ছে৷ এতে মসজিদ ও আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে৷
পুকুর ভরাট করে কাউন্সিলর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করেছেন৷ ওই আইনের ৬ (ঙ) ধারায় বলা আছে, ‘আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনভাবে শ্রেণী পরিবর্তন করা যাইবে না৷ তবে শর্ত থাকে যে অপরিহার্য জাতীয় স্বার্থে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে জলাধার সম্পর্কিত বাধা-নিষেধ শিথিল করা যাইতে পারে৷’ কিন্তু কাউন্সিলর কারও কোনো অনুমতিও নেননি৷
মসজিদের পাশে আবর্জনা ফেলার ঘটনায় আল হেরা জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি জরুরি বৈঠক করে এবং কাউন্সিলরকে আবর্জনা ফেলা বন্ধ করতে বলে৷ কিন্তু আবর্জনা ফেলা হচ্ছেই৷ মসজিদ কমিটির সদস্য মতিন পাটোয়ারী (৬৫) বলেন, ‘মসজিদে যাওয়ার সময় ও চলাফেরা করার সময় দুর্গন্ধে খুবই কষ্ট হয়৷ বিষয়টি নিয়ে কাউন্সিলরের কাছে গেলে তিনি জানান, আবর্জনা ফেলে জমিটি ভরাট করা হচ্ছে৷ এরপর সেখানে কবরস্থান তৈরি করা হবে৷ কিন্তু আমরা ঠিকই বুঝতে পারছি এটি দখল করার উদ্দেশ্যেই পুকুরটি ভরাট করা হচ্ছে৷’
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কোটি টাকার সম্পত্তি৷ বিষয়টি নিয়ে কাউন্সিলরের কাছে গেলে তিনি জানান, পুকুর ভরাট করে মন্দির তৈরি করা হবে৷
দখলের ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর শেখ মো. আলেক বলেন, জমিটির কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন ও কিছু অংশ েদবোত্তর সম্পত্তি৷ তাই ওই জমি দখলের কোনো প্রশ্নই ওঠে না৷ আর সেখানে কবরস্থান তৈরির কথা বলা হয়নি৷ বলা হয়েছে, হিন্দুদের জন্য একটি মন্দির করা হবে৷ মন্দিরের পাশে একটি শ্মশানও থাকবে৷