গাজীপুরের টঙ্গী জংশনে গতকাল বৃহস্পতিবার সকালে জামালপুরগামী একটি ট্রেনে যাত্রীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ ১২ জন আহত হয়। ট্রেন আসতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা এই ভাঙচুর চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা-১ ট্রেন টঙ্গী জংশনে আসে। এ সময় সেখানে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীরা ট্রেনটিতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করে। বিক্ষুব্ধ যাত্রীদের ছোড়া পাথরে ট্রেনের চালকসহ ১২ জন আহত হয়।আহত ব্যক্তিদের মধ্যে চালক মো. ইয়াকুব আলী (৫০), যাত্রী পারভিন সুলতানা (৩২), সরাফত হোসেন (৩২), মরিয়ম (১৫), মাহবুব (২৩), রুবিনা ইসলাম (২৮), সালমা (১৮), রিয়াজুল হাসান (৩২), বাদশা মিয়া (২৮) ও সোমাকে (১৭) স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।টঙ্গীর স্টেশনমাস্টার মো. আবু তাহের বলেন, জয়দেবপুর থেকে তুরাগ এক্সপ্রেস সকাল সাতটা ৩৫ মিনিটে টঙ্গী স্টেশনে আসার কথা ছিল। কিন্তু ওই ট্রেন আসতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে তিস্তা ট্রেনে ভাঙচুর করেছে।