টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকায় গতকাল শুক্রবার রাতে আশিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আশিকুল ইসলাম পুলিশ ও র্যাবের সোর্স ছিলেন। আশিকুল ইসলামের পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে আশিকুল ইসলাম টঙ্গীর আনন্দনগরে নিজের রিকশা গ্যারেজের পাশে বসে ছিলেন। ওই সময় কয়েকজন যুবক তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আশিকুলকে নিয়ে আসা বিভিন্নজনের অভিযোগ, মানিক গ্রুপের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। হাসপাতাল সূত্র আরও জানায়, আশিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে টঙ্গীর এরশাদনগর (৬ নম্বর বাস্তুহারা) এলাকার একটি বাসায় থাকতেন। পুলিশ ও র্যাবের সোর্সের পাশাপাশি তিনি রিকশার ব্যবসাও করতেন। তাঁর বাবার নাম মঞ্জুরুল হক। রাত ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ‘ঘটনা শুনে আমি হাসপাতালে এসেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বা ঘটনার কারণ কি, এ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি।’