টঙ্গীতে রেলসেতুর মাটি ধস, ঝুঁকিতে ট্রেন চলাচল
গাজীপুরের টঙ্গীর নিমতলী রেলওয়ে সেতুর গোড়ার মাটি গতকাল মঙ্গলবার সকালে ধসে পড়ে। এতে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী রেল জংশনের মাস্টার মো. হালিমুজ্জামান জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে ভোর থেকে সকাল নয়টার মধ্যে কোনো এক সময় নিমতলীতে রেলওয়ের ৯৯ নম্বর সেতুর গোড়ার মাটি ধসে পড়ে। বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষ সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সব রকম ট্রেন চলাচল বন্ধ রাখে। এ কারণে চট্টগ্রামগামী কর্ণফুলী ও মহানগর এক্সপ্রেস ট্রেন দুটি দুই ঘণ্টা বিলম্বে ঢাকা থেকে রওনা হয়।
ধসের খবর পেয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুবুল আলম, ঢাকা-চট্টগ্রাম রেললাইন পুনর্নির্মাণ প্রকল্পের মহাব্যবস্থাপক এস কে চক্রবর্তী, রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-১ আরমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারকাজ শুরু করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, ধসের স্থানটি প্লাস্টিক দিয়ে ঢাকা। প্লাস্টিক সরিয়ে দেখা যায়, রেললাইনের স্লিপার থেকে প্রায় চার ফুট দূরত্বে দুই ফুটের মতো ফাটল। ফাটলের নিচের অংশে ভূমিধস ঠেকাতে গজারি গাছের গুঁড়ি ও লোহার স্তম্ভ দিয়ে নিরাপত্তাব্যবস্থা (প্যালিসাইডিং ফর আর্থ প্রটেকশন) করা হয়েছে। রেললাইনের অপর পাশে বসানো হয়েছে চারটি লোহার পাইপ। রেললাইনের স্লিপারের নিচে রড দিয়ে প্যালিসাইডিং পিলারের সঙ্গে পাশের পিলারকে যুক্ত করা হয়েছে। এরই মধ্য দিয়ে চলছিল ট্রেন।
এস কে চক্রবর্তী জানান, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ওই পুরোনো সেতুর পাশেই নতুন সেতু নির্মাণের কাজ করছে। সেতুর ভিত্তি ঢালাইয়ের জন্য ৩০ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। প্রাথমিকভাবে দুর্বল গজারি গাছ দিয়ে প্যালিসাইডিং দেওয়া হয়েছিল। গত দুই দিনের বৃষ্টিতে নরম হয়ে মাটি ধসে পড়েছে। তাই গতকাল নতুন করে লোহার পিলার দিয়ে প্যালিসাইডিং করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচলের ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী আরমান হোসেন বলেন, ধীরগতিতে ট্রেন চলছে। কোনো সমস্যা হবে না।