টঙ্গীতে র্যাবের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কেরানিরটেক বস্তিতে গত সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সংঘর্ষে ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটকের জের ধরে এ ঘটনা ঘটে। জামাল ও গুলিবিদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। সংঘর্ষে র্যাবের চার সদস্য আহত হয়েছেন।সংঘর্ষের সময় র্যাবের হাতে আটক জামালকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার, ৫০ বোতল ফেনসিডিল ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে। র্যাব-১-এর সহকারী পরিচালক মুহাম্মদ সোহেল বাদী হয়ে শতাধিক লোকের বিরুদ্ধে টঙ্গী থানায় পৃথক তিনটি মামলা করেছেন। র্যাব ও বস্তিবাসী সূত্রে জানা যায়, জামাল বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান নিয়ে কেরানিরটেক বস্তিতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর টহল দল সোমবার রাত নয়টার দিকে সেখানে অভিযান চালায়। ৫০ বোতল ফেনসিডিলসহ জামালকে আটক করে র্যাব। জামালকে আটকের খবর শুনে তাঁর সহযোগীরা র্যাব সদস্যদের ঘিরে ফেলে। একপর্যায়ে হামলা চালিয়ে জামালকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে নার্গিস আক্তার, জাহানারা, মোর্শেদা, শেফালী, মাসুদ মিয়া ও বকুল মিয়া গুলিবিদ্ধ হন। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে জামালকে ছিনিয়ে নেয় তাঁর সহযোগীরা। এ সময় র্যাবের ক্যাপ্টেন মুহাম্মদ সোহেল, উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রগুনাথ বিশ্বাস ও কনস্টেবল আবদুর রহমান আহত হন। তাঁদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ ছয়জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে সাগর সিকদার, সবুজ, অভিরন, মোর্শেদা ও জাহানারাকে গ্রেপ্তার করা হয়েছে।