টঙ্গীতে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থানা বিএনপির এক নেতার নেতৃত্বে গতকাল সোমবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
হামলায় টঙ্গীর জামাই বাজার এলাকার কেমব্রিজ স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক জিয়াউর রহমান, ভবনের মালিক আতাউর রহমানসহ তিনজন আহত হন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় কামাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী জুয়েল ও বিদ্যালয় ভবনের মালিক আতাউরের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ওই ওয়ার্কশপের মালিক ও টঙ্গী থানা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক কামালের নেতৃত্বে জুয়েল, রাজিবসহ ২০-২৫ জন একদল যুবক বেলা দেড়টার দিকে বিদ্যালয়ে হামলা চালান। এ সময় আতাউর রহমান, জিয়াউর রহমানসহ তিনজনকে মারধর করে দেড় লাখ টাকা ও তিনটি মুঠোফোন লুটে নেয়। হামলার সময় শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বিএনপি নেতা কামালের বক্তব্য জানতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দোকান বন্ধ পাওয়া গেছে। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।