টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পদচারী-সেতুর দাবিতে গতকাল বুধবার সকালে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর সফিউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তাজনিহ আক্তার রাফা গত রোববার বিকেলে বাসায় ফিরছিল। পথে বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় দায়ী চালককে গ্রেপ্তার ও কলেজগেট এলাকায় পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ) নির্মাণের দাবিতে সোমবার সকালে বিক্ষোভে অংশ নেয় শত শত শিক্ষার্থী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই দাবিতে গতকাল সকালে গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা পদচারী-সেতুর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, পদচারী-সেতুর দাবিতে সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।