টঙ্গীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১
টঙ্গীতে গত রোববার রাতে আল্পনা (৬) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জনতা ধর্ষক জুয়েলকে (২৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আল্পনা ময়মনসিংহের হালুয়াঘাটের চরমোকামিয়া গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে। আফতাব সপরিবারে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেট এলাকায় হারুন সিকদারের বাড়িতে ভাড়া থাকেন। জনতার বরাত দিয়ে পুলিশ সাংবাদিকদের জানায়, মেয়ে আল্পনাকে ঘরে ঘুম পাড়িয়ে বাবা মসজিদে এবং মা পাশের বাড়িতে জামাতে শবে বরাতের নামাজ পড়তে যান। আল্পনাকে একা পেয়ে মধ্যরাতে জুয়েল তাকে ঘর থেকে তুলে টঙ্গীর মোহাম্মদ আলী সিকদার একাডেমি স্কুলে নিয়ে যায়। স্কুলের দোতলার সিঁড়িতে জুয়েল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে। পরে সে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে ধরে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত জুয়েল পুলিশের পাহারায় টঙ্গী হাসপাতালে চিকি ৎ সাধীন।এসআই জানান, জুয়েলের বাড়ি শরীয়তপুরের সফিপুর থানার মৃধাকান্তি গ্রামে। সে এরশাদনগরের ১নং ব্লকের রহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল ইমাম জানান, জুয়েলকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। সে আল্পনাকে হত্যার কথা স্বীকার করেছে। এর আগে সে পুতুল (৫) নামের একই এলাকার আরেক শিশুকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে।