টঙ্গীতে শ্রমিক খুন
গাজীপুরের টঙ্গী বাজারের পূর্বদিকে রেলওয়ে সেতুর পাশে গত মঙ্গলবার রাতে রানা (২৭) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছিনতাই করতে বারণ করায় বন্ধুরা তাঁকে খুন করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
রানা নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকার উত্তরার পাশের রানাভোলা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দক্ষিণখান এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন।
রানার মামা নুরুন্নবী ও স্ত্রী তানিয়া জানান, রানার কয়েকজন বন্ধু ছিনতাইকাজে জড়িত। বিষয়টি জানতে পেরে তিনি তাদের ছিনতাই করতে বারণ করেন। এতে ক্ষুব্ধ হয় তাঁর বন্ধুরা। ওই বন্ধুরা গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় রানাকে কুপিয়ে তুরাগ নদের উত্তরপাড়ে টঙ্গী রেলসেতুর পাশে ফেলে রাখে। পাশের একজন ভ্যানচালক রানাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে গুরুতর আহত অবস্থায় রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নুরুন্নবী ও তানিয়া জানান, মৃত্যুর আগে রানা তাঁর ওপর হামলাকারীদের নাম বলে গেছেন। ওই খুনিদের বিরুদ্ধে তাঁরা মামলা করবেন।
টঙ্গী মডেল থানা ও রেলওয়ে পুলিশের ঠেলাঠেলিতে গতকাল বুধবার বিকেল পর্যন্ত রানার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে বুঝে নিতে পারেননি স্বজনেরা।
নুরুন্নবী জানান, হত্যাকাণ্ডের বিষয়টি মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় টঙ্গী মডেল থানায় জানালে তারা রেলওয়ে থানায় যোগাযোগ করতে বলে। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, লাশ উদ্ধারের ঘটনাস্থল তাদের এলাকায় পড়েনি।
টঙ্গী রেলজংশন পুলিশের পরিদর্শক মো. ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে এখনো রক্তের ছাপ রয়েছে। স্থানটি রেললাইনের সীমানা থেকে ১০ ফুট বাইরে। ফলে রেলওয়ে থানায় মামলা হলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন বাদী।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতেই থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হন ঘটনাস্থল টঙ্গী থানা এলাকায় পড়েনি। তার পরও রেলওয়ে পুলিশ যেহেতু দায়িত্ব নেয়নি আমরা মামলা নেব।’