টঙ্গীতে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর, আহত ২০
গাজীপুরের টঙ্গীতে আকিজ শিল্প গ্রুপের ঢাকা টোব্যাকো কোম্পানির শ্রমিকদের সঙ্গে গতকাল শনিবার পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হন। ক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন।সংঘর্ষের সময় শ্রমিকেরা টঙ্গী-কালীগঞ্জ সড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন।মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন বলে জানান।শ্রমিকেরা জানান, প্রচলিত শ্রম আইন তোয়াক্কা না করে ঢাকা টোব্যাকো কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে আসছে। অনেক শ্রমিক টানা ১০-১৫ বছর চাকরি করলেও তাঁদের স্থায়ী করা হচ্ছে না। অন্যদিকে বাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। শ্রমিকেরা বেশ কিছুদিন যাবত বর্তমান দৈনিক মজুরি ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ছয়টায় বৃষ্টি উপেক্ষা করে কারখানার প্রায় দুই হাজার অস্থায়ী শ্রমিক প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানাসংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের স্থানীয় মরকুন এলাকা দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এখানে একটি সেনাবহর আটকা পড়লে সেনাসদস্যরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সেনাবহর চলে যাওয়ার পর শ্রমিকেরা পুনরায় ঢাকা টোব্যাকোর ফটকে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় পুলিশ অতর্কিতে লাঠিপেটা শুরু করলে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন। উত্তেজিত শ্রমিকেরা এ সময় ১৪-১৫টি গাড়ির কাচ ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় অন্তত ২০ জন আহত হন। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় পরিস্থিতি শান্ত হয় এবং পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।ঢাকা টোব্যাকো কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুজ্জামান বলেন, রাতের পালার শ্রমিকেরা তাঁদের কাজ শেষ করে সকাল ছয়টায় আন্দোলন শুরু করেন। পরে তাঁদের সঙ্গে সকালের পালার শ্রমিক ও বহিরাগতরা যোগ দেয়। শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।শিল্পাঞ্চল পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, কারখানার কয়েক শ অস্থায়ী শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা পুলিশের তিনটি পিকআপ ভ্যানসহ বেশ কিছু গাড়ির কাচ ভাঙেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬টি ফাঁকা গুলি ও ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। লালন আহমেদ দাবি করেন, সংঘর্ষের সময় পুলিশের চার-পাঁচজন সদস্য আহত হন।