টঙ্গীতে শ্রমিকদের অসন্তোষ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে আজ সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এ অসন্তোষের কারণে ওই এলাকার কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে আউচপাড়া এলাকায় পার্লপ্রিন্স পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে কাজ বন্ধ রেখে সামনের সড়কে বিক্ষোভ করতে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিক্ষোভকারী শ্রমিকেরা একই এলাকায় অবস্থিত কমপক্ষে ১০টি কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করিয়ে বিক্ষোভে অংশ নিতে বাধ্য করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা চেরাগআলী-দেওড়া সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টঙ্গীর আরও কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।