টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, লাঠিপেটায় আহত ১৫
গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা বেতন ও উৎসব ভাতার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে কাঁদানে গ্যাসের নয়টি শেল নিক্ষেপ করে পুলিশ। এ ছাড়া বেধড়ক লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন।গাজীপুর শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, দেওড়া এলাকায় অবস্থিত পার্ল প্রিন্স অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার প্রায় এক হাজার ৮০০ শ্রমিক সকালে কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি, তাঁদের আগস্ট মাসের পুরো বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে। এ ছাড়া যেসব শ্রমিক কমপক্ষে ছয় মাস ধরে কারখানায় কাজ করছেন, তাঁদের ঈদ বোনাস দিতে হবে। কিন্তু কারখানার মালিক মো. তসলিম আক্তার শ্রমিকদের এসব দাবি মানা সম্ভব নয় জানিয়ে বক্তব্য দেন। এর পরও শ্রমিকেরা বিক্ষোভ চালিয়ে গেলে তিনি কারখানা বন্ধের হুমকি দেন। ঘটনাস্থলে উপস্থিত টঙ্গী মডেল থানার একজন উপপরিদর্শকও (এসআই) দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। এর জের ধরে শ্রমিকেরা বেলা আড়াইটার দিকে কারখানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা আবারও কারখানার ফটকে জড়ো হয়ে মিছিল করেন। একাধিক শ্রমিক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কর্তৃপক্ষ কোনো মাসেই সময়মতো বেতন পরিশোধ করে না। এ ছাড়া কারখানার ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা কাজ করলেও তাঁদের অতিরিক্ত সময়ের কাজের জন্য কোনো টাকা দেওয়া হয় না। এসবের প্রতিবাদ করলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে শ্রমিকদের হুমকি দেওয়া হয়। এ অভিযোগ অস্বীকার করে কারখানার মালিক তছলিম বলেন, শ্রমিকদের চলতি মাসের ১০ দিনের বেতন ও ২৫ ভাগ ঈদ বোনাস দেওয়া হবে।গাজীপুর শিল্প পুলিশের এসআই মো. মোহসিন সন্ধ্যার দিকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।