গাজীপুরের টঙ্গীতে সওজের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। টঙ্গী থানা আওয়ামী লীগের সহসভাপতি একটি সমিতির নাম ব্যবহার করে জমিটি অবৈধভাবে দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।বিষয়টি জানাজানির পর ওই নেতা তড়িঘড়ি করে সওজর কাছে জমি ইজারা নেওয়ার আবেদন করেন। ওই আবেদনপত্রে আওয়ামী লীগের দলীয় স্থানীয় সাংসদ ও সরকারের একজন মন্ত্রীর সুপারিশ রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী থানার মোড়ে আঞ্চলিক মহাসড়কের পাশের তিন শতাংশ জমিতে বিপণিবিতান করতে ভবনটি নির্মাণ করছে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি। সমিতির সাবেক সভাপতি ও টঙ্গী থানা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন জমিটি ইজারা নিতে সওজর কাছে আবেদন করেন। অবশ্য এর আগেই সওজ ভবনটি ভাঙার নির্দেশ দেয়। এমনকি গাজীপুর পুলিশ সুপারের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানায় সওজ। তার পরও থেমে নেই ভবনের নির্মাণকাজ।গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনের সাংসদ জাহিদ আহসান তাঁর সুপারিশে বলেন, ‘আমার জানামতে, এই সমিতি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। তাই তাদের আবেদন বিবেচনার জন্য জোর সুপারিশ করছি।’টঙ্গী সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, মহাসড়কের পাশে এভাবে জমি বরাদ্দ দেওয়া তাঁদের নীতিমালায় পড়ে না।সাংসদ জাহিদ আহসান প্রথম আলোকে বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি। সেই জনগণের দাবির মুখে অনেক কিছু যাচাই-বাছাই করার সুযোগ পাওয়া যায় না। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করে অন্যায় করেছে। তবে সড়ক ও জনপথ তাদের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিলে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে।’ সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়ময়নসিংহ মহাসড়কের পূর্বে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়ক। সড়কটি ধরে দুই শ মিটার এগোলে টঙ্গী মডেল থানা। থানায় ঢোকার মুখে ডানে পড়ে ভবনটি। ভবনের দুই তলার ছাদ ঢালাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নিচতলায় বসানো হয়েছে ফলের দোকান।ফলের দোকানদার জাকির, জাহাঙ্গীরসহ অন্যরা বলেন, ‘আমরা গরিব মানুষ। এ ব্যবসা করে সংসার চালাই। এই জায়গা কার, তা জানি না। তবে সমিতি আমাদের ব্যবসা করার অনুমতি দিয়েছে।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সড়ক ঘেঁষে ভবন হওয়ায় সারাক্ষণ যানজট লেগে থাকে। আগে এমন ছিল না। এখানে বরং ছোট পরিসরে যাত্রীছাউনি নির্মাণ করা হলে দূরপাল্লার যাত্রীদের বিশ্রামের সুযোগ হতো।জানা যায়, গত বছরের ১১ সেপ্টেম্বর ভবনের নির্মাণকাজ শুরু হয়। একই দিন সওজ ওই জমি তাদের দাবি করে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। নির্মাণাধীন ভবনটি ভাঙারও নোটিশ দেয় সওজ। কিন্তু সমিতির নেতারা ভবন না ভেঙে দুই মাস পর ওই জমি ইজারার জন্য বরাদ্দ চান। এ মর্মে সমিতির সাবেক সভাপতি মনির হোসেন গত ১০ নভেম্বর একটি আবেদনপত্র সওজ অধিদপ্তরে জমা দেন। ওই পত্রেই স্থানীয় সাংসদ ও এক মন্ত্রীর সুপারিশ রয়েছে।গত ৫ অক্টোবর গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মো. শফিকুল আলম নির্মাণাধীন ভবনটি উচ্ছেদের জন্য জেলা পুলিশ সুপারকে অনুরোধ জানিয়ে চিঠি দেন। তার পরও ভবনের নির্মাণকাজ থেমে নেই।গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, সঠিক প্রক্রিয়ায় স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়নি। সওজ শুধু একটি পত্র দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। তিনি আরও জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদালতের আদেশ প্রয়োজন হয়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আইনজীবী জানান, পুলিশ চাইলে উচ্ছেদের ব্যাপারে সওজকে সাহায্য করতে পারে। মামলা-মোকদ্দমা হলে আদালতের প্রশ্ন আসবে।অভিযোগ প্রসঙ্গে টঙ্গী থানা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন বলেন, ‘আমি এখন আর সভাপতি নাই। তাই আমার কোন বক্তব্যও নেই।’ বর্তমান সভাপতি শাহ আলম বলেন, ‘নির্মাণাধীন ভবনের জমি সওজের। তবে আগের সভাপতি ওই জমি সমিতিকে ইজারা দেওয়ার জন্য আবেদন করেছেন। আশা করি, বরাদ্দ পেয়ে যাব।’