টঙ্গীতে সন্ত্রাসীদের গুলিতে বাংলালিংক কর্মকর্তা নিহত
টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় গতকাল বৃহস্পতিবার আহমেদ মোস্তফা (৩২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মোস্তফা মুঠোফোন কোম্পানি বাংলালিংকের টঙ্গী ভয়েস মার্কেটিং কার্যালয়ে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।
ওই ঘটনার আগে গত মঙ্গলবার রাতে টঙ্গী রেলস্টেশন এলাকার একজন হোটেল ব্যবসায়ীকে খুন করে দুর্বৃত্তরা তাঁর মরদেহ লাগেজে ভরে ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহমেদ মোস্তফা সকাল নয়টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনে বাংলালিংক ভয়েস মার্কেটিংয়ের কার্যালয় থেকে ফ্লেক্সিলোডের টাকা সংগ্রহ করতে বাইরে বের হন। বিভিন্ন এলাকা ঘুরে বেলা একটার দিকে সাতাইশ এলাকায় যান। সে সময় মাসকো কারখানার সামনে কয়েকজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পর তিনি মারা যান।
মোস্তফা বরিশালের সদর উপজেলার সাটুরিয়া গ্রামের এ এস এম আবু বকরের ছেলে। তিনি টঙ্গীর শিলমুন এলাকায় বড় ভাইয়ের সঙ্গে থাকতেন।
টঙ্গী ভয়েস মার্কেটিং কার্যালয়ের ব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই খুনের ঘটনা ঘটতে পারে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে আজাদ বলেন, গুলি মোস্তফার মাথার ডান দিক ও মুখে লেগেছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মোস্তফার ভাই একটি হত্যা মামলা করেছেন।