টঙ্গীতে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি দোকান মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে কর্মচারী নামধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার সভা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সমিতি। টঙ্গী বাজারে আয়োজিত এই সভায় দেওয়া বক্তব্যে সমিতির সভাপতি মেহের উদ্দিন বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদুর রহমানের নেতৃত্বে বাজারের দোকান কর্মচারী নামধারী একটি চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় ১ মে সকাল সাড়ে ১০টার দিকে জাহিদুরের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী জলিল খান প্লাজার তিনটি দোকান ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে জাহিদুরকে আটক করা হয়। পরে তাঁকে স্থানীয় ট্রাফিক পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। কিন্তু টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জাহিদুরকে গ্রেপ্তার না করে বিষয়টি পরে দেখবেন বলে ফিরে যান। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টঙ্গী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মুকুল সরকার, আবুল কাশেম, ফিরোজ আলম প্রমুখ।