টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় সাংবাদিক বি এম শফিকুল ইসলামের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি দৈনিক সমাচার পত্রিকার টঙ্গী সংবাদদাতা ও অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি নিউজ ১ ডটকম’-এর সম্পাদক।সাংবাদিক শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কার্যালয় থেকে টঙ্গীর আউচপাড়ার বাসায় ফিরছিলেন। আউচপাড়ার খাঁ পাড়া সড়কে সাত-আটজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠ ও হাত-পায়ে কুপিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, এই ঘটনায় তিনি অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে টঙ্গী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।চিকিৎসকেরা জানান, শফিকুলের ডান পা ও পিঠে আটটি সেলাই দেওয়া হয়েছে। দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান এবং টঙ্গী থানা প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন শফিকুলের ওপর হামলার নিন্দা জানিয়েছে।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন শেখ বলেন, তদন্ত করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।