টঙ্গীতে সাংসদকে লক্ষ্য করে বোমা সাংসদ অক্ষত
টঙ্গীতে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। গতকাল বুধবার রাতে এ বোমা নিক্ষেপ করা হয়। তবে সাংসদ অক্ষত রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোডের নতুন বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংসদ জাহিদ আহসান দলের নেতা-কর্মীদের সঙ্গে হরতালে করণীয় বিষয়ে মতবিনিময় করছিলেন। এ সময় আহসানউল্লাহ উড়ালসড়কের ওপর থেকে তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা পাশে রাখা তাঁর সরকারি গাড়ির পাশে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত থাকে। সাংসদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও টঙ্গী মডেল থানার ওসি অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করেন। এ ব্যাপারে সাংসদ জাহিদ আহসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের দুষ্কৃতকারীরাই এ হামলায় জড়িত। হরতালের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মানুষ হত্যার পথ বেছে নিয়েছে।’টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন রাতে জানান, দুটি বোমা নিক্ষেপ করা হলেও একটি অবিস্ফোরিত থাকে। ওসি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।