টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণে ভবনে ফাটল
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় গত রোববার বিকেলে সিলিন্ডার বিস্ফোরণে একটি পোশাক কারখানা ভবনে ফাটল সৃষ্টি হয়। অভিজ্ঞ প্রকৌশলীর মাধ্যমে ভবনের নিরাপত্তা পরীক্ষা করানোর দাবি জানিয়ে কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন।শ্রমিকেরা জানান, বিসিকের বি ব্লকের এহসান সোয়েটার লিমিটেড কারখানা ভবনের সপ্তম তলায় রোববার বিকেল পাঁচটায় একটি অগ্নিনির্বাপণ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারটি সিঁড়ির ডান পাশের দেয়াল ভেদ করে বাঁ পাশের দেয়ালে আঘাত করে। এতে ভবনের উভয় পাশের দেয়ালে বিমের নিচে ফাটল সৃষ্টি হয় এবং ওই তলার জানালার সব কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ভাঙা কাচের টুকরায় শ্রমিক মোতালেব ও ফারুক আহত হন। মোতালেবকে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিলিন্ডারটি খোলা রোদে থাকায় বিস্ফোরণ ঘটতে পারে। শ্রমিকদের দাবি অনুযায়ী, বিসিক শিল্প এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বুয়েটের একজন অভিজ্ঞ প্রকৌশলীকে ডাকা হয়েছে।