টঙ্গীতে সোয়েটার কারখানায় আগুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশ রোড এলাকায় গতকাল শনিবার বিকেলে চৈতি কমপ্লেক্স পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যায় বিপুলসংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর সাতাইশ রোড এলাকার সাততলা চৈতি কমপ্লেক্স ভবনে এসএস সোয়েটার লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। ওই কারখানার চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুনে ধোঁয়ার কুণ্ডলী দেখে কর্মরত শ্রমিকেরা দ্রুত নিচে নেমে আসে। আগুন লাগার পর কারখানার ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিদেশি মালিকানাধীন ওই পোশাক কারখানার বিপুলসংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরুপণ করা সম্ভব হয়নি।