টঙ্গীতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর জেলার টঙ্গীর এরশাদনগরে গতকাল সোমবার বিকেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল (১৪) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। জাহিদুল এরশাদনগরের পাঁচ নম্বর ব্লকের আলী আকবরের ছেলে। সে স্থানীয় জাগরণী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।জাহিদুলের পরিবার ও পুলিশ জানায়, গতকাল বিকেলে এরশাদনগরের চাঙ্কিরটেক এলাকার খেলার মাঠে জাহিদুলকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জাহিদুলের বড় ভাই মো. রশিদ বলেন, গতকাল বেলা ১১টায় জাগরণী স্কুলে একই এলাকার বাবুর ছেলে হাবিবের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তখনই বিষয়টি আপস করে দেন। তার পরও দুর্বৃত্তরা তাঁর ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুল বাশার বলেন, জাহিদুলের পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাবিবের মাকে আটক করা হয়েছে।