বিষাক্ত বায়ু নির্গমন করার অপরাধে গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানাকে গতকাল রোববার সাত লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে পরিবেশ অধিদপ্তর টঙ্গীর সাইকা স্টিল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। কারখানাটিকে এমএস রড প্রস্তুতের জন্য পরিবেশ ছাড়পত্র দেওয়া হলেও সেখানে উৎপাদন হচ্ছে লোহার ইনগট। অথচ ইনগট উৎপাদন করলে যে ধোঁয়া নির্গত হয়, তা বিষাক্ত এবং এই বিষাক্ত ধোঁয়া পরিশোধনের জন্য ধোঁয়া নিরোধক যন্ত্র থাকা আবশ্যক। কিন্তু দূষণ নিরোধক ওই প্রযুক্তি ছাড়াই কারখানাটিতে উৎপাদনের কাজ চলছিল। এই অপরাধে পরিবেশ অধিদপ্তর কারখানাটিকে সাত লাখ ৫২ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে অবৈধ স্টিল উৎপাদনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়ে রি-রোলিং মিলের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতিয়ার রহমান অভিযোগ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, দূষণ নিয়ন্ত্রণে শিগগিরই সব ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, স্টিল কারখানা থেকে নির্গত ধোঁয়ায় কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও লেড থাকে। এই বায়ু কর্মরত শ্রমিক-কর্মচারী ছাড়াও আশপাশের বাসিন্দাদের জন্য মারাত্মক ক্ষতিকর।