গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থার পতিত জমিতে স্টেডিয়াম নির্মাণকাজ অব্যাহত রাখার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। টঙ্গী ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। টঙ্গী ক্লাব সূত্র জানায়, ২০ মার্চ ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার স্টেডিয়াম নির্মাণের কাজ উদ্বোধন না করায় ও বিভিন্ন সংবাদমাধ্যমে স্টেডিয়াম নির্মাণবিরোধী সংবাদ প্রকাশিত হওয়ায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে টঙ্গী ক্লাবের সদস্য ছাড়াও সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন, নোয়াগাঁও উচ্চবিদ্যালয়, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী সরকারি কলেজ, মুন্নু টেক্সটাইলস উচ্চবিদ্যালয়, সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এ ছাড়া এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, টঙ্গী থানা প্রেসক্লাব, টঙ্গী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেন।স্টেডিয়াম নির্মাণের কার্যাদেশ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান এস এস ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ফারুক হোসেন জানান, ২০১২ সালের ১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার ওই পতিত জমিতে একটি স্টেডিয়াম নির্মাণের দরপত্র আহ্বান করে। তাঁরা দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হন।