টঙ্গীতে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় এক স্ত্রী তাঁর স্বামীকে শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতের ঘটনার পর ওই স্বামী টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নির্যাতনের শিকার ওই ব্যক্তির দুই বাহুতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।টঙ্গী থানার পুলিশ ও জিডি থেকে জানা গেছে, ওই গৃহবধূ টঙ্গী সরকারি হাসপাতালে বাবুর্চির কাজ করেন। এক বছর আগে হাসপাতালেই তাঁর সঙ্গে নির্যাতিত ওই ব্যক্তির পরিচয় হয়। পরে তাঁরা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তুচ্ছ ঘটনায় উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময় স্বামীকে নির্যাতন করতেন ওই গৃহবধূ। একপর্যায়ে গৃহবধূকে ছেড়ে চলে যান তাঁর স্বামী। পরে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আপস-মীমাংসাও হয়। কিন্তু গৃহবধূর নির্যাতন অব্যাহত ছিল। গত শনিবার ঝগড়াঝাটির একপর্যায়ে রাত ১০টার দিকে কাপড়চোপড় গুছিয়ে বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করেন স্বামী। এ সময় তাঁর স্ত্রী দুই বাহুতে ও মুখে আঘাত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. সামসুল হক বলেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ মীমাংসা করবে বলে জানিয়েছে।টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী প্রথম আলোকে বলেন, এর আগেও তাঁর হাসপাতালের বাবুর্চির হাতে ওই স্বামী নির্যাতনের শিকার হন। তখনো মীমাংসা করে দেওয়া হয়। এবারও উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার ব্যবস্থা করা হবে।