টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীর টঙ্গীতে গতকাল রোববার হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় রবিন (১০) ও রাহাত (১২) নামের দুই সহোদর নিহত হয়েছে। একই ঘটনায় তাদের মা শাহীনূর (৩৫) ও ভ্যানচালক কাজল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনূরের বোন হাওয়া নূরে বেগম জানান, স্বামী পরিত্যক্তা শাহীনূর দুই ছেলেকে নিয়ে টঙ্গী বাজারে মুরগির ব্যবসা করে সংসার চালাতেন। থাকতেন চেরাগ আলী বাজারে। রোববার সকাল আটটার দিকে দুই ছেলেসহ শাহীনূর ভ্যানে করে মুরগি নিয়ে মিলগেট বাজারে যাচ্ছিলেন। পথেই একটি গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে রাহাত ও বিকেল পাঁচটার দিকে রবিনের মৃত্যু হয়।টঙ্গী থানার পুলিশ জানায়, গাড়ি বা চালককে আটক করা যায়নি।অন্যদিকে ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, শ্যামলীতে গতকাল রাতে বাসের ধাক্কায় প্রাইভেট কারে আগুন লেগে তিনজন আহত হয়েছে।