টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) কারখানার সামনে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নরসিংদীগামী একটি প্রাইভেট কার রড বোঝাই একটি রিকশাভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের আসনে বসা অজ্ঞাতনামা যুবক ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা অজ্ঞাতনামা এক নারী ও শিশু আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। আহত অপর তিনজনকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।আহত ব্যক্তিরা হলেন রিকশাচালক কাশেম (৩৪), গাড়িচালক মিলন (২৫), ভ্যানচালক মোজাম্মেল (৩৫)।প্রাইভেট কারের চালক জানান, বিকেলে বিদেশগামী একজন যাত্রীকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে তিনি নরসিংদী ফিরছিলেন।